মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৬ , ৬:১০:৪২ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে অনুমতি ছাড়াই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. রিপন মোল্যা। মঙ্গলবার দুপুরে শ্রীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
রিপন মোল্যা উপজেলার মদনপুর গ্রামের মৃত আ. রউফ মোল্যার ছেলে। সম্প্রতি প্রকাশিত এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটিতে তাঁকে ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন মোল্যা বলেন, “গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গঠিত জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে আমার অজ্ঞাতে এবং আমার অনুমতি ছাড়াই ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।”
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, “আমি রাজনীতির শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। আমার গোটা পরিবারও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার বড় ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলার সাবেক সহসভাপতি, আমার বাবা ওয়ার্ড বিএনপির সদস্য এবং বড় চাচা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার ভাইয়েরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাই এনসিপির কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার অনুমতি ছাড়া যাঁরা কমিটির তালিকায় নাম দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, ৪ নম্বর শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সহসভাপতি খন্দকার আবু নঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।





















