খেলাধুলা

আইপিএলের কারণেই ক্যারিয়ার শেষ হয়েছে পিটারসেনের

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৬ , ১১:৪৪:৫০ প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন দাবি করেছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে বোর্ডের সঙ্গে বিরোধের কারণেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার সময়ের আগেই শেষ হয়ে যায়। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, লিগের শুরুর দিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে গণমাধ্যম ব্যবহার করে ‘ডাইনি খোঁজা’ ধরনের প্রচারণা চালায়।

আইপিএলের ২০০৮ সালে প্রথম আসরে বোর্ড কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অংশ নিতে দেয়নি। সে বছর কেবল একজন ইংলিশ ক্রিকেটার খেলতে পেরেছিলেন। ২০০৯ সালে সীমিত সময়ের জন্য অনুমতি দেওয়া হলে পিটারসেন একটি দলে যোগ দেন। তবে লিগকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তের কারণে বোর্ডের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।

পিটারসেন বলেন, ‘আমি বড় ত্যাগ স্বীকার করেছি। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। ওই প্রতিষ্ঠানের সবাই তখন আমার বিরুদ্ধে চলে যায়। ১০৪টি টেস্ট খেলে ৩৩ বছর বয়সে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়। আমার আরও ১৫০-১৬০টি টেস্ট খেলার এবং ১২-১৩ হাজার রান করার সামর্থ্য ছিল।’

তিনি আরও অভিযোগ করেন, বোর্ড একটি প্রভাবশালী সংবাদপত্রকে ব্যবহার করে তার বিরুদ্ধে প্রচারণা চালায়। যদিও এ বিষয়ে বিস্তারিত বলতে চান না বলেও জানান এবং বর্তমানে তিনি শান্তিপূর্ণ জীবনযাপন করছেন বলে উল্লেখ করেন।

পিটারসেন তার টেস্ট ক্যারিয়ার শেষ করেন ৮,১৮১ রান নিয়ে, যার মধ্যে ছিল ২৩টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক। নিজের অবস্থানের কারণে ক্যারিয়ারে প্রভাব পড়লেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ খুলে দিয়েছেন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘কয়েকদিন আগে জস বাটলারের সঙ্গে কথা হয়েছে, সেও আমাকে ধন্যবাদ দিয়েছে। আমি যে ত্যাগ স্বীকার করেছি, তার ফল এখনকার খেলোয়াড়রা পাচ্ছে।’

পরবর্তীতে তিনি দিল্লিভিত্তিক একটি দল এবং হায়দরাবাদভিত্তিক একটি দলের হয়ে লিগে খেলেন। এছাড়া ২০২৫ সালে দিল্লির আরেকটি ফ্র্যাঞ্চাইজির পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও খবর

Sponsered content