প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:১৫:১৯ প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এ এলাকার মানুষ চাঁদাবাজিতে অতিষ্ট। আগে দিতে হতো ১০০ টাকা, এখন দিতে হয় ৩০০ টাকা। গত ১৫ মাসে চাঁদাবাজদের অত্যাচারে মানুষ ব্যবসা-বাণিজ্যে ছেড়ে বাড়িতে ভয়ে বসে থাকে।
আজ সোমবার পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে দিনাজপুর-০৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) আসনের ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থীর নির্বাচনী পথযাত্রায় মুখ্য হাসনাত এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন স্পষ্টত দুইভাগে বিভক্ত। একপক্ষ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেকপক্ষ আজাদির আকন্ঠে ডুবে আছে। একপক্ষ হাদিকে গিনিপিগ বলছে, আর সারাদেশের মানুষ হাদি হতে চাইছে। একপক্ষ চাঁদাবাজিতে লিপ্ত এবং আরেকপক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিযে অ্যান্টিচাঁদাবাজি কার্ড দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এ অঞ্চলে পাথর খনি, কয়লা খনি ও তাপবিদ্যুৎকেন্দ্র থাকা সত্ত্বেও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়নি। মানুষের কর্মসংস্থান হয়নি। শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। হাসিনা সরকারের লুটেরা বছরের পর বছর সম্পদ লুট করেছে।
তিনি বলেন, এ অঞ্চলের বড় সমস্যা মাদক। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানদের নিজেদের অপকর্মে যুক্ত করে, মাদকে ডুবিয়ে, জীবন ধ্বংস করে দিয়েছে। দিনাজপুরবাসী এখন সময় এসেছে পরিবর্তনের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশ পরিবর্তনের নির্বাচন। বেছে নিতে হবে চাঁদাবাজি, লুটতরাজ, মাদক—না দেশ পরিবর্তন।
পথযাত্রা অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর-০৫ আসনের এনসিপি প্রার্থী ডা. আব্দুল আহাদ পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীর উন্নয়নের পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
সমাবেমে আরও বক্তব্য দেন এনসিপি যুগ্ম সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতা মো. আনোয়ার হোসেন।




















