আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ , ৫:২২:১৯ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়ায় বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের উদ্যোগে ভোটকেন্দ্রের মহিলা এজেন্টদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) আগৈলঝাড়ায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আসন্ন নির্বাচনে মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, ভোট প্রদানে উদ্বুদ্ধ করা এবং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় অভিজ্ঞ এজেন্টদের পরামর্শের আলোকে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় তৃণমূল পর্যায়ের মহিলা নেত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে মহিলা ভোটার ও এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলভাবে কাজ করার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন এবং ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।”
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আগৈলঝাড়া উপজেলা ও বরিশাল জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা এটিকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন।















