বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন। কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। ওই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভার জন্য তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু-সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ইতোমধ্যে জনসভাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, সমাবেশে রেকর্ডসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে।
সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমানের পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকাল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন–চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার প্রত্যাশায় টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা মুখিয়ে আছেন। টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম রাজনৈতিক জনসভা।





























