খেলাধুলা

আতলেতিকোর মাঠে জিতেও বাদ পড়ল বার্সা

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ১:২১:১০ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ৯ বছর পর আবারও ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের মাঠে ২-১ গোলে হেরে গেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে তারা বিদায় করেছে বার্সেলোনাকে। শেষ বাঁশি বাজা পর্যন্ত শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ছিল মেত্রোপলিতানো স্টেডিয়াম।

প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলের জয়ই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয় দিয়েগো সিমিওনের দলের জন্য। তবে ফিরতি লেগের শুরুতেই বার্সেলোনার ঝড়ো আক্রমণে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের চতুর্থ মিনিটেই ক্লেমঁ ল্যাংলের ভুলের সুযোগ নিয়ে গোল করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফেরান তোরেসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস, দানি অলমোর পাস থেকে দারুণ শটে বল জালে পাঠান।

চাপের মুখেও হাল ছাড়েনি আতলেতিকো। ৩১তম মিনিটে মার্কোস লরেন্তের নিচু ক্রস থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান লুকম্যান, এতে দুই লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালায় বার্সেলোনা। ফেরান তোরেস একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। মাঝমাঠে পেদ্রি ও গাভির নিয়ন্ত্রণে খেলায় আধিপত্য বজায় রাখে কাতালানরা।

তবে ম্যাচে নতুন মোড় আসে যখন গোলের দিকে এগিয়ে যাওয়া সর্লথকে পেছন থেকে আটকান এরিক গার্সিয়া। শুরুতে হলুদ কার্ড দেখানো হলেও ভিডিও সহায়তায় সিদ্ধান্ত বদলে তাকে লাল কার্ড দেখান রেফারি, ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।

সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে চাইলেও শেষদিকে সুযোগ নষ্ট করেন আতলেতিকোর খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ হারলেও সমষ্টিগত ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জায়গা নিশ্চিত করে আতলেতিকো।

প্রায় এক দশক পর আবারও শেষ চারে উঠে উচ্ছ্বাসে ভাসছে মাদ্রিদের লাল-সাদা শিবির। এখন তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আর্সেনাল অথবা স্পোর্টিং-এর মধ্যে থেকে।

 

আরও খবর

Sponsered content