সারাদেশ

আদমজী ইপিজেডে আজও শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ১২:৪৭:৩৩ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের আওতাধীন ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের হঠাৎ অসুস্থ হয়ে পড়া ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনায় প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের অধিকাংশই নারী শ্রমিক বলে জানা গেছে। এর আগে, গতকাল শনিবারও একই কারখানায় বেশ কয়েকজন শ্রমিক একইভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন অজ্ঞান হয়ে যান। পরপর দুইদিন একই ধরনের ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানায়, আজ সকাল ৬টার দিকে কাজে যোগ দেন তারা। সকাল ৭টার পর থেকে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থতা অনুভব করতে শুরু করেন। একপর্যায়ে কয়েকজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে এবং দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করে। অসুস্থ শ্রমিকদের বেপজা হাসপাতাল, স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। সকাল সাড়ে ৮টার দিকে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানার জিএম বিল্লাল হোসেন জানান, আজ প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিল। অনাকাঙ্ক্ষিতভাবে আজও ১৫-২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা আজকের জন্য অফিস ছুটি দিয়ে দিয়েছি।

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, আজও ৫-৭ জন শ্রমিক অসুস্থ হয়ে যান। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা কারখানাটিতে ইডি স্যারসহ সরেজমিনে পরিদর্শন করেছি। সকাল থেকে আমি সেখানেই উপস্থিত ছিলাম। কারখানায় গিয়ে দমবন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাসরোধ হওয়ার মতো তেমন কিছু চোখে পড়েনি।

আরও খবর

Sponsered content