প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১:২৭:২০ প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সবুজ মিয়া জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধীনস্থ শমশেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫ এর বিপরীতে ভারতের অভ্যন্তরে কেনাকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
শমসের নগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন একজন বাংলাদেশি নিহত হওয়ার কথা নিশ্চিত করে জানান, বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ৫১ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কাসেম জানান, পতাকা বৈঠকের জন্য বারবার যোগাযোগ করার জন্য বিএসএফ’র উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে এমন একটি ঘটনার খবর পেয়েছি। তবে বিজিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শুনেছি এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।’















