প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ , ৫:৪২:৩১ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে টাঙন ব্যারেজ সেচ প্রকল্পের ‘মৎস্যউৎসবের’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আজ জামায়াত প্রার্থীর ডাকা বিক্ষোভ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আট মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। অন্যদিকে, যারা বিক্ষোভের ডাক দিয়েছে, বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চ করেছে, উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন অনেক কম ভোট।’
এসময় দেশব্যাপী খাল ও নদী খনন কার্যক্রমে কোথাও কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
পরে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। এতে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে শুরু হয় মাছ ধরার উৎসব।
এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।





















