প্রতিনিধি ১ নভেম্বর ২০২৬ , ৫:৩০:১৯ প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের কাউখালীতে সুপারি পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার (৭০) ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আবুল বাশার বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে গাছের সুপারি পাড়ছিলেন। সুপারি গাছের পাশেই সেচ দেওয়ার জিআই পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’





















