এ এম মিজানুর রহমান বুলেট কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ৩০ অক্টোবর ২০২৬ , ৩:১২:৩৬ প্রিন্ট সংস্করণ
কলাপাড়া (পটুয়াখালী), ৩০ অক্টোবর: পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী জেলেদের জীবন ও সম্পদের সুরক্ষায় ১২০টি ট্রলারে নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, প্রদীপ্ত প্রকল্পের ব্যবস্থাপক জাফর আলম এবং কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কর্মকর্তা সাবা শবনম।
অনুষ্ঠানে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার ১২০টি ট্রলারের জন্য প্রতিটিতে পাঁচটি করে লাইফ জ্যাকেট, পাঁচটি বয়া, পাঁচটি বাঁশি ও একটি করে টর্চলাইট দেওয়া হয়।
প্রধান অতিথি বিজন কুমার নন্দী বলেন, ঝড়, জলোচ্ছ্বাস ও জলদস্যুর হামলা থেকে জেলেদের জীবন রক্ষায় সমুদ্রগামী ট্রলারগুলোতে সুরক্ষা উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে দুর্যোগের সময় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।





















