সারাদেশ

মাদকের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, গাজীপুরে প্রাণ গেল নুরুল ইসলামের

  গাজীপুর প্রতিনিধি: ২ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ

গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধের জেরে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে পার্শ্ববর্তী মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারি এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি নুরুল ইসলামকে পূর্বপরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হন।

পরে রাত ১১টা ৩৫ মিনিটের দিকে হামলাকারীরা একটি সিএনজি অটোরিকশায় (গাজীপুর-থ-১২-১১০১) করে নুরুল ইসলামকে তাঁর বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সিএনজিতে তোলার পরপরই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম ও এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content