সারাদেশ

চিলমারীতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

  স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ২৮ নভেম্বর ২০২৫ , ৬:২৬:৫৬ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী সরদারপাড়া বাঁধ এলাকায় এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আলমগীর হোসেন (৪০) চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বাঁধসংলগ্ন রাস্তায় মুদি, কাটা কাপড় ও স্যান্ডেলের দোকান পরিচালনা করে আসছেন। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার সঙ্গে প্রতিবেশী মঞ্জিল মিস্ত্রি ও তার পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে।

আলমগীরের অভিযোগ, ২৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বিবাদীপক্ষ তার দোকানে এসে গালিগালাজ করে এবং দোকান থেকে টেনে বাইরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

এরপরও বিরোধ থেমে না গিয়ে ২৭ নভেম্বর গভীর রাতে নতুন ঘটনা ঘটে। রাত ১টা ৩০ মিনিটের দিকে ঘর থেকে বের হয়ে আলমগীর দেখেন তার দোকানে আগুন লেগেছে। তিনি দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছুটে গেলে বিবাদীপক্ষকে পালিয়ে যেতে দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে দোকানের মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আহাব্বর হোসেন বলেন, “গভীর রাতে চিৎকার শুনে বাইরে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। স্থানীয়রা নেভানোর চেষ্টা করছিল।”
আউয়াল সরদার জানান, “চিৎকার শুনে বাইরে এসে দেখি দোকানের নিচে আগুন দাউ দাউ করে জ্বলছে।”
মোছা. ছকিতন নেছা বলেন, “ডাকাডাকি শুনে ছুটে এসে দেখি আগুন বেশ বড় আকার নিয়েছে। আমার ছেলে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়।”

অভিযুক্ত মঞ্জিল মিস্ত্রি অভিযোগ অস্বীকার করে বলেন, দুই দিন আগে জমির আইল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কিছু কথাকাটাকাটি হলেও পরে সমাধানের সিদ্ধান্ত নেয়া হয়। দোকানে আগুন লাগার বিষয়ে তারা কিছুই জানেন না বলে দাবি করেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content