সারাদেশ

তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, জবরদখলের চেষ্টার অভিযোগ

  মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ৪ নভেম্বর ২০২৬ , ১১:২৫:১০ প্রিন্ট সংস্করণ

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬৮ বছর ধরে ভোগদখলে থাকা ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। জমির মালিকানা দাবি, ধান কেটে নেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। তবে এসব অভিযোগ অস্বীকার করে জমিটি নিজেদের বলে দাবি করেছে বিরোধী পক্ষ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাথাফাটা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তাঁদের দাবি, মাথাফাটা মৌজায় ১৯৬২ সালের রেকর্ডভুক্ত ৬৪ শতক জমি তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। সম্প্রতি আলী আকবর, সিরাজুল ইসলাম, জাহেরুল, জিরারুল, খলিলুর, সাহাদত ও আব্দুর রাজ্জাক ওরফে লেদুসহ কয়েকজন ওই জমি জবরদখলের চেষ্টা করছেন। জমিতে আবাদ করা ধান কেটে নেওয়ার অভিযোগও করেন তাঁরা।

আলহাজ্বা তহুরা বেগম বলেন, জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি। মালিকানার প্রয়োজনীয় কাগজপত্রও তাঁদের কাছে রয়েছে। জমি নিয়ে বিরোধ নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন তিনি।

এদিকে স্থানীয় মোখলেছুর রহমান ও সুরুজ আলীও জমি দখল এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

তবে বিরোধী পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, জমিটি তাঁদের নিজস্ব সম্পত্তি। তাঁরা নিজেদের জমিতে চাষাবাদ করেছেন এবং সেই জমির ধান কাটছেন। তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির মধ্যে জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আরও খবর

Sponsered content