সারাদেশ

ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৬ , ৬:২২:৩৮ প্রিন্ট সংস্করণ

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ নটরডেম কলেজের সাবেক ছাত্র নিহতের প্রাতিবাদে ও রাজিব পরিবহণের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে নটরডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কের বাইপাস নটরডেম কলেজের সামনে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহণ আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ। শিক্ষার্থীরা এ সড়কে চলাচলের সময় রাজীব পরিবহনের ৩টি বাসও আটক করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টার মধ্যে রাজীবপরিবহনের সকল বাসের রুট পারমিট বাতিল, বাসচালকদের বিচারে আওতায় আনাসহ সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে সব শিক্ষার্থী বৃহৎ আন্দোলনের ডাক দেবে।

উল্লেখ্য, গতকাল রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসচাপায় নিহত হন নটরডেম কলেজের সাবেক ছাত্র জাকিরুল ইসলাম। এছাড়া গত ২ অক্টোবর একই সড়কে আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে রাজীব পরিবহনের একটি বাসের ধাক্কায় শিশুসহ সাতজন নিহত হন।

আরও খবর

Sponsered content