মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ , ২:০৬:১৬ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা কার্যকর করেছে বিজিবির ৫৫ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাসংলগ্ন ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা আরও একটি পূজামণ্ডপকে বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।
পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় দিন-রাত টহল, নিবিড় নজরদারি, বিশেষ মোবাইল টিমের কার্যক্রম এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা তৎপরতা চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
এদিন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম, চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান পূজামণ্ডপ এবং মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপত্তা প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
অধিনায়ক বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ মোবাইল টিমও সক্রিয় রয়েছে।
এ ছাড়া পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষকে সন্দেহজনক ব্যক্তি, কর্মকাণ্ড এবং গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। এ ধরনের কোনো ঘটনা নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে।





















