নওগাঁ প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ১:৪১:১২ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আত্রাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদীর দুই তীরের বেড়িবাঁধ ও বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি ১০০ সেন্টিমিটার বেড়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় জোতবাজার পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৪ মিটার। পানি আরও ১ মিটার বৃদ্ধি পেলে উভয় তীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও আখতার জাহান সাথী। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, জায়েদুর রহমান, গোলাম মোস্তফা, বিষ্ণুপুর ইউনিয়নের প্রশাসক ইমরান হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি।
সভায় ঝুঁকিপূর্ণ পয়েন্টে বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে বালুর বস্তা, বাঁশ ও প্রয়োজনীয় উপকরণ মজুত রাখা এবং শুকনো খাবার সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলা এলাকার অন্তত ১০টি বেড়িবাঁধকে অতি ঝুঁকিপূর্ণ এবং লক্ষীরামপুর, আঁয়াপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
ইউএনও আখতার জাহান সাথী বলেন, “আত্রাই নদীর পানি দ্রুত বাড়ছে। আগাম প্রস্তুতির অংশ হিসেবে আমরা জরুরি সভা করেছি। বাঁধ রক্ষায় প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখার পাশাপাশি শুকনো খাবার মজুত ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”




















