প্রচ্ছদ » প্রচ্ছদ » মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা, রায় পেছানোয় ক্ষুব্ধ নিহতের পরিবার
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা, রায় পেছানোয় ক্ষুব্ধ নিহতের পরিবার
মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ১১:৫৫:১২প্রিন্ট
সংস্করণ
মাগুরার শ্রীপুরে বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা পিছিয়ে আগামী ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপেক্ষিতে রায় ঘোষণার সময় পিছিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নিহত শিশুটির পরিবার।
নিহত শিশুটির মা আয়েশা আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের মাধ্যমে রায়ের তারিখ পরিবর্তনের খবর জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি কালক্ষেপণ না করে দ্রুত রায় কার্যকর করার আকুল দাবি জানান।
২০২৫ সালের ৬ মার্চ রাতে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও ব্যাপক আন্দোলন গড়ে ওঠে।
পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে প্রধান আসামি হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটিতে রেকর্ড দ্রুততম সময়ে মাত্র ১৩ কার্যদিবসে বিচার কাজ সম্পন্ন করে গত ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন নিম্ন আদালত।
নিম্ন আদালতের দেওয়া ওই মৃত্যুদণ্ডের রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি সম্পন্ন হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সোমবার চূড়ান্ত রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে আদালত রায় ঘোষণার নতুন তারিখ হিসেবে আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেছেন।