সারাদেশ

নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসলে নেমে শিশুমৃত্যু, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার দাবি

  নওগাঁ প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ৫:১১:০০ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসল করতে নেমে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। নদীটিতে ডুবে একাধিক শিশুর প্রাণহানি হলেও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন কিংবা জনসচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে নদীপাড়ের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সর্বশেষ গত ১৫ নভেম্বর দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের পার লক্ষীরামপুর এলাকায় আত্রাই নদীতে ডুবে মারা যায় রিয়ান হোসেন (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। সে ওই গ্রামের আনোয়ার হোসেন সরদারের ছেলে এবং আয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রিয়ান। একপর্যায়ে সে আত্রাই নদীতে গোসল করতে যায়। দুপুর ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে খোঁজার একপর্যায়ে প্রতিবেশী মুছা প্রামাণিক (৩৮) তাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন; তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের ২৫ অক্টোবর উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর মধ্যপাড়া এলাকায় বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে মারা যায় রফিকুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্র। সে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরস্বতীপুর বাজারসংলগ্ন চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে; পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এরপর ২০২৬ সালের ১ এপ্রিল উপজেলার চকবালু এলাকায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারায় রিয়া মনি (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। সে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনির মেয়ে। খালার বাড়িতে বেড়াতে এসে বাবাসহ অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই বছরের ৩১ মে উপজেলার ফেরিঘাট বিশ্বাসপাড়া এলাকায় নদীতে গোসল করতে নেমে মারা যায় মুশফিক (৮) নামের আরেক শিশু। সে কয়াপাড়া গ্রামের হাফিজুর রহমানের নাতি। স্থানীয় শিশুদের সঙ্গে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে গেলে পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নদীতীরবর্তী বাসিন্দাদের কাছে আত্রাই নদী কৃষিকাজ, মাছ ধরা ও গোসলসহ দৈনন্দিন নানা কাজের অংশ। তবে নদীর গভীরতা, স্রোত ও তলদেশের গর্ত সম্পর্কে ধারণা না থাকায়, বিশেষ করে সাঁতার না জানা বা কম জানা শিশুরা গোসল করতে নেমে বিপদে পড়ছে বলে মনে করেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, আত্রাই নদীর মদনচক ও লক্ষীরামপুর এলাকায় অতীতে অপরিকল্পিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে তলদেশে গর্ত সৃষ্টি ও নদীতীর ভাঙনের মতো সমস্যা তৈরি হয়েছিল। ২০২৪ সালের ৭ নভেম্বর অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেছিলেন স্থানীয়রা। সে সময় প্রশাসন ভাঙন পয়েন্ট পরিদর্শন ও নির্দেশনা দেওয়ার পাশাপাশি নওগাঁর আমলি আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

স্থানীয়দের মতে, লক্ষীরামপুর, মদনচক, চকবালু ও ফেরিঘাটসংলগ্ন ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড বসানো এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রিয়ানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে; আগামী আইনশৃঙ্খলা কমিটির সভায় এটি উপস্থাপন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content