সারাদেশ

আগৈলঝাড়ায় বিএনপির বিশেষ বর্ধিত সভা, ঐক্যের আহ্বান

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ , ৫:৫১:১৩ প্রিন্ট সংস্করণ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভায় দলের অভ্যন্তরীণ কোন্দল ও হানাহানি পরিহার করে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল। আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্নার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের স্বার্থে এবং গণতন্ত্র ও দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভেতরে বিভেদ ও বিশৃঙ্খলা পরিহার করার পাশাপাশি অনুপ্রবেশকারী ও অনিয়মে জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই ব্যক্তিস্বার্থকে দলের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া যাবে না।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে ত্যাগী, পরীক্ষিত, কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত নেতারাই অগ্রাধিকার পাবেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং জনপ্রিয়তা, যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।

প্রধান বক্তা মো. মিজানুর রহমান খান মুকুল বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান হওয়ার আশায় যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন কিংবা গোপন সমঝোতার চেষ্টা করছেন, তাদের বিষয়ে দল কঠোর অবস্থান নেবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেপ্তার হলে বিএনপির যেসব নেতা তাদের ছাড়িয়ে নিতে তদবির বা সুপারিশ করেন, তাদেরও চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে সিনিয়র নেতারা তৃণমূলের খোঁজখবর রাখেন না এবং সাংগঠনিক সমস্যায় গিয়েও কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যায় না। দুঃসময়ে মাঠে থাকা কর্মীদের যথাযথ মূল্যায়ন ও নিয়মিত যোগাযোগ রাখার দাবি জানান তাঁরা।

সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, খোন্দকার মোহাম্মদ আলী, এনায়েত হোসেন খান মনু, আবুল হোসেন মোল্লা, মন্নান আকন, শামছুল হক খোকন ও কার্তিক চন্দ্র বেপারীসহ পাঁচ ইউনিয়নের জ্যেষ্ঠ নেতা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content