কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ২১ নভেম্বর ২০২৬ , ১:১৪:১৫ প্রিন্ট সংস্করণ
ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালী উপকূলে গত চার দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) সকাল নয়টা থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির সঙ্গে শীতের অনুভূতি বাড়ায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দৈনন্দিন কাজে ভোগান্তি দেখা দিয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে জমির আধা পাকা আমন ধান চিটা হয়ে যাওয়া এবং শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মহিপুরের ‘হাওলাদার ফিশ’-এর স্বত্বাধিকারী আ. জলিল হাওলাদার বলেন, “আবহাওয়া খারাপ থাকায় মাছ ধরা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ খাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্ষতির মুখে পড়ছেন।”





















