ঠাকুরগাঁও প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ১:১৫:২৫ প্রিন্ট সংস্করণ
জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী সাত বছর বয়সী শিশু বীথি আক্তারকে একটি হুইলচেয়ার দিয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় হরিপুর উপজেলা পরিষদ চত্বরে শিশুটির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
বীথি উপজেলার সদর ইউনিয়নের মশানগাঁও গ্রামের বিপুল হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে এতদিন চলাফেরায় ভোগান্তি পোহাতে হতো বীথিকে। আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি হুইলচেয়ার কিনতে পারছিল না। পরে মেয়ের চলাফেরার কষ্টের কথা জানিয়ে হুইলচেয়ার চেয়ে ইউএনওর কাছে আবেদন করেন বাবা বিপুল হোসেন। মানবিক বিবেচনায় তাঁর আবেদনে সাড়া দিয়ে এ সহায়তা দেওয়া হয়।
হুইলচেয়ার পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীথির পরিবার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ রানা, মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং বীথির বাবা বিপুল হোসেন।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, “শিশুটির বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। এর আগেও এ ধরনের সহায়তা দেওয়া হয়েছে। অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”





















