মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ৩:০১:৫৯ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় ও সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দেখা গেছে, প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে পরীক্ষার ফি আদায় করা হলেও সরকারি জমা রেজিস্টারে মাত্র একজনের হিসাব রয়েছে। প্যাথলজি বিভাগেও আদায় ও জমার হিসাবে অমিল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য কমপ্লেক্সে এনফোর্সমেন্ট অভিযান চালায় দুদকের সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল।
অভিযানে এক্স-রে বিভাগে তিনজন এবং প্যাথলজি বিভাগে দুজন টেকনিশিয়ান কর্মরত থাকার তথ্য পাওয়া যায়। তবে তাঁদের কারও কাজের সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র কিংবা বৈধ নিয়োগপত্র পাওয়া যায়নি। প্রাতিষ্ঠানিক বা আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগের কোনো নথিও দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া কর্মচারী নিয়োগ, সিজারিয়ান অস্ত্রোপচার ও কেবিনের অর্থ আত্মসাৎ এবং রোগী হয়রানির অভিযোগ খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে দলটি।
দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এরশাদ আলী বলেন, “অভিযানে ফি আদায়ের রশিদের মুড়ি, জমা রেজিস্টারসহ প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়েছে। এসব নথি পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, “জনবল সংকটের কারণে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনার ভিত্তিতে পাঁচ টেকনিশিয়ানকে অনানুষ্ঠানিকভাবে কাজে যুক্ত করা হয়েছে। রোগীপ্রতি তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়। পরীক্ষা ও অস্ত্রোপচারের ফি নিয়মিত সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে।” তবে তাৎক্ষণিকভাবে এ-সংক্রান্ত নথি দেখাতে পারেননি তিনি।















