ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৮:২৫:৫২ প্রিন্ট সংস্করণ
চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে (৪০) কুপিয়ে হত্যার দায়ে দুলাভাই মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির মৃত আলী আহম্মদ সরদারের ছেলে। নিহত কামরুল হাসান রতন একই গ্রামের মো. আবুল বাশারের ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন শাহাদাত। এ ঘটনায় আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। এ ছাড়া কামরুলের সঙ্গে অসদাচরণের অভিযোগেও শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়। এসব বিরোধের জেরে কামরুলের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন শাহাদাত।
এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২০ এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুল হাসান রতনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন শাহাদাত। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ওই দিনই নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে শাহাদাত হোসেন সরদারের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ ২০২২ সালের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ, আসামির স্বীকারোক্তি ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী আরমান হোসেন বলেন, “আমরা আদালতের এ রায়ে সন্তুষ্ট।” আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সফিকুর রহমান ভূঁইয়া।




















