সিলেট প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৪:২৯:২৫ প্রিন্ট সংস্করণ
সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকা পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ‘দৈনিক সিলেট বুলেটিন’ নামের একটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মো. ফয়ছল আহমদ নামের এক ব্যক্তি এ স্মারকলিপি জমা দিয়েছেন।
অভিযোগে ফয়ছল আহমদ দাবি করেন, গোয়াইনঘাটের জাফলং এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন ‘দৈনিক সিলেট বুলেটিন’ নামের অনলাইন পোর্টালকে প্রিন্ট দৈনিক পত্রিকা দাবি করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। গত ১ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সড়ক যোগাযোগের দুর্ভোগ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের কথা বলে তাঁর কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে সংবাদ প্রকাশ না করায় এবং পোর্টালের ঠিকানায় গিয়ে কোনো কার্যালয় না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন বলে দাবি তাঁর।
দরখাস্তে নিজাম উদ্দিনকে সম্পাদক ও প্রকাশক উল্লেখ করার পাশাপাশি আইয়ুব আলীকে নির্বাহী সম্পাদক, মো. নাইম হোসেনকে বার্তা সম্পাদক এবং এমদাদুর রহমান জিয়াকে প্রধান সম্পাদক হিসেবে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে উপশহর রোডের সোনারপাড়ায় খান কমপ্লেক্সের চতুর্থ তলায় ওই পোর্টালের কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হলেও সেখানে কোনো অফিস পাওয়া যায়নি বলে দাবি অভিযোগকারীর।
ফয়ছল আহমদের দাবি, জেলা প্রশাসক কার্যালয়ে খোঁজ নিয়ে তিনি জেনেছেন যে এ নামে কোনো নিবন্ধিত পত্রিকা সিলেট থেকে প্রকাশিত হয় না। এ ছাড়া অভিযুক্ত নিজাম উদ্দিনের বিরুদ্ধে চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে ফয়ছল আহমদ বলেন, “বিবাদীদের বিরুদ্ধে প্রতারণা ও সাইবার সুরক্ষা আইনে মামলার প্রস্তুতি চলছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”




















