সারাদেশ

সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন: নাশকতা ধারণা পুলিশের, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ

  সিলেট প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৪:২৭:২৩ প্রিন্ট সংস্করণ

সিলেটে ভোররাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে পার্কিং করে রাখা বাসগুলোতে এ অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোররাতে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, কারা বা কী উদ্দেশ্যে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content