সারাদেশ

বাঘায় পেঁপের চারার প্রতারণায় বিপাকে কৃষক

  বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ২:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা উপজেলায় উচ্চ ফলনশীল জাতের কথা বলে নিম্নমানের পেঁপের চারা সরবরাহের মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে। এতে ৩২ বিঘা জমিতে পেঁপে চাষ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এক কৃষক; বাধ্য হয়ে তিনি জমির প্রায় অর্ধেক গাছ কেটে ফেলেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আওয়াল বাঘা পৌরসভার পাকুড়িয়া এলাকার বাসিন্দা। চলতি মৌসুমে চকরাজাপুর ইউনিয়নের চর কালিদাস খালির মাঠে ৩২ বিঘা জমি লিজ নিয়ে পেঁপে চাষ শুরু করেন তিনি। প্রায় আট মাস আগে মোহনপুর উপজেলার কচিম উদ্দিন নামের এক নার্সারি ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লাখ টাকায় টপলেডি, শাহী, বাবু ও হাজারী জাতের চারা কেনেন তিনি।

কৃষক আব্দুল আওয়াল জানান, “ভালো জাতের পেঁপের চারা দেওয়ার কথা বলে চারা নিয়েছিলাম। কিন্তু গাছ হওয়ার পর দেখি এগুলো অন্যরকম। এত টাকা খরচ করে এখন সব শেষ হয়ে গেছে।”

তাঁর অভিযোগ, চারা রোপণের কয়েক মাস পর থেকেই গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। গাছগুলো দুর্বল থাকায় ফলন কম হচ্ছে এবং ফলের আকারও ছোট। এতে লোকসান কমাতে বাধ্য হয়ে জমির প্রায় অর্ধেক গাছ কেটে ফেলা হয়েছে।

জমিতে কর্মরত এক শ্রমিক বলেন, “চারা অবস্থাতেই গাছগুলো ভালো ছিল না। পরে গাছ বড় হলেও স্বাভাবিক বৃদ্ধি হয়নি, ফলনও কম হয়েছে।”

এ ছাড়া চারা বিক্রির সময় বিশ্বাসযোগ্যতা অর্জনে ‘একতা নার্সারি’র মালিক ওহিদুল হাজীর নাম ব্যবহার করে ক্যাশ মেমো দেওয়ার অভিযোগও করেছেন কৃষক আব্দুল আওয়াল।

স্থানীয়দের দাবি, শুধু আব্দুল আওয়াল নন; কচিম উদ্দিনের কাছ থেকে চারা কিনে আলম, মোশাররফ, মিন্টু, লালন, সাহাবাজ, হানিফ, বকুল ও উজ্জলসহ আরও কয়েকজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ চারা সরবরাহে পিয়ার বলী ও হৃদয় নামের আরও দুজনের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষকেরা।

অভিযুক্ত নার্সারি ব্যবসায়ী কচিম উদ্দিন, পিয়ার বলী, হৃদয় ও একতা নার্সারির মালিক ওহিদুল হাজীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঘার অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহান ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।

আরও খবর

Sponsered content