সারাদেশ

আত্মগোপন শেষে দেশ ছাড়ার চেষ্টা: শাহজালাল বিমানবন্দরে ধরা পড়লেন আ.লীগ নেতা মোসাদ্দেক

  রংপুর প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ২:৫৯:১১ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। বুধবার রাতে বিমানবন্দরে আটকের পর খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ঢাকায় যায় এবং গভীর রাতে সড়কপথে তাঁকে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোসাদ্দেক হোসেন গুরুতর অসুস্থ এবং উন্নত চিকিৎসার জন্য তাঁর থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ঘটনায় মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে এবং বাকি দুটি মামলা তদন্তাধীন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর

Sponsered content