সারাদেশ

রংপুরে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের বাসে আগুন

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৮ নভেম্বর ২০২৬ , ৫:৪৫:১৯ প্রিন্ট সংস্করণ

রংপুরে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের গ্যারেজে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড়ে কোচিং সেন্টারের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাশকতার পরিকল্পনায় বাসে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগানোর কারণ বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, গত ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছেন তিনি। কারও ক্ষতি না করে মানুষের সেবা করেই কাটিয়েছেন দীর্ঘ সময়। অথচ সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য কষ্ট করে প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা একমাত্র পরিবহণটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। বাসটি পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনে গ্যারেজে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার দীর্ঘদিনের পরিশ্রম ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন বড় ধরনের ধাক্কা খেয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অন্যান্য এলাকার অগ্নিসংযোগের ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের একমাত্র বাহনটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

আরও খবর

Sponsered content