বাকৃবি প্রতিনিধি: ১৮ নভেম্বর ২০২৬ , ৮:১০:০৬ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তথ্যবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘ইনফরমেশন সেশন অন ইউএস হায়ার এডুকেশন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের এডুকেশন ইউএসএ (EducationUSA) উপদেষ্টা গুলশান জেরীন আলম এবং ঢাকার এডওয়ার্ড এম. কেনেডি (ইএমকে) সেন্টারের উপদেষ্টা আহমেদ মোস্তফা রাব্বী।
সভায় যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে আবেদনের কৌশল, বৃত্তির সুযোগ এবং এডুকেশন ইউএসএ-এর পরামর্শমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকেরা জানান, সঠিক তথ্য ও পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীরা একটু সচেষ্ট হলেই নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি ৪৫ জন শিক্ষক অংশ নেন।





















