সারাদেশ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে যশোরে পাঁচ প্রতিষ্ঠানে ব্যতিক্রমী আয়োজন

  যশোর প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ , ৮:২০:০১ প্রিন্ট সংস্করণ

একই মাঠে ছবি আঁকা, কবিতা আবৃত্তি, গান আর খেলাধুলায় মেতে উঠেছিল বিশেষ চাহিদা সম্পন্ন ও স্বাভাবিক শিশুরা। শারীরিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আনন্দ আর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শেষ হয়েছে চার দিনব্যাপী ‘অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া, শিল্পকলা ও সাংস্কৃতিক উৎসব’।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাঁচতে শেখা’র আয়োজনে যশোরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ উৎসব অনুষ্ঠিত হয়। ‘সিবিআর-এর সব ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি’ প্রকল্পের আওতায় বাঁচতে শেখা, লিলিয়ানে ফন্ডস এবং সিডিডির সহযোগিতায় এ আয়োজন করা হয়।

গত ৯ থেকে ১২ নভেম্বর পর্যায়ক্রমে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, শংকরপুর উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় এবং স্যালভেশন আর্মি স্কুলে এ উৎসব সম্পন্ন হয়। চার দিনের এ আয়োজনে প্রায় এক হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিরা অংশ নেন। এর মধ্যে ৭০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও ছিল। উৎসবের বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল চিত্রাঙ্কন, বাস্কেটবল, দড়ি লাফ, বালিশ বদল, কুইজ, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা।

ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আশিক আহমেদ। পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বাঁচতে শেখার প্রকল্প প্রোগ্রাম ফোকাল হিমেল সঞ্জীব কিসুকু, সিবিআর অফিসার দেবাশিস ঘোষ ও ফিরোজ মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আশিক আহমেদ বলেন, “শিশুদের জন্য শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা যথেষ্ট নয়, বরং শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণের পরিবেশ তৈরি করা জরুরি। যশোরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এই আয়োজন সেই অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ার এক অনন্য উদ্যোগ।”

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে বিদ্যালয় ও সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের মর্যাদাপূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে।

আরও খবর

Sponsered content