সারাদেশ

দুই লাখ টাকা ঋণ নিয়ে তরমুজ চাষের প্রস্তুতি, মুহূর্তেই শেষ কৃষকের স্বপ্ন

  মেহেদী হাসান , আমতলী (বরগুনা) ১৮ নভেম্বর ২০২৬ , ৬:২২:৫৫ প্রিন্ট সংস্করণ

বরগুনার আমতলীতে তিন কৃষকের পাঁচ একর জমিতে রোপণের জন্য প্রস্তুত করা প্রায় ৬০ হাজার তরমুজের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে কলাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. তরিকুল ইসলাম ও ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হাওলাদারের বিরুদ্ধে। এ সময় কৃষকদের ভয়ভীতি প্রদর্শন, গালমন্দ এবং একজনকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। এতে লতিফ মৃধা, সুখী বেগম ও শিরিন বেগম নামের তিন প্রান্তিক কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউডা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ মৃধা, সুখী বেগম ও শিরিন বেগম পাঁচ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি হিসেবে দীর্ঘদিন ধরে চারা উৎপাদন করছিলেন। পরিচর্যায় চারাগুলো বেড়ে ওঠার পাশাপাশি রোপণের উপযোগী হয়ে উঠছিল। বুধবার সকালে তাঁরা ক্ষেতে গিয়ে দেখতে পান, অধিকাংশ চারা উপড়ে ও ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা হয়েছে। কিছু চারা পাশের ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সুখী বেগম অভিযোগ করে বলেন, জমি লিজ নেওয়ার পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে তরমুজ চাষের প্রস্তুতি শুরু করেছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালে ক্ষেতে কাজ করার সময় তহসিলদার তরিকুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর হাওলাদার ও খোকন মৃধাসহ কয়েকজন সেখানে আসেন। তাঁরা তাঁকে ও অন্য কৃষকদের ধমক দেন। একপর্যায়ে লাঠি ও পা দিয়ে লাথি মেরে চারাগুলো ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করে দেন। বাধা দিতে গেলে তাঁদের গালমন্দ করা হয়। চারা নষ্ট হয়ে যাওয়ায় তাঁর পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে।
স্থানীয় কৃষক পরিবারের সদস্য সজিব অভিযোগ করেন, তহসিলদার তরিকুল ইসলাম ও বিএনপি নেতা আলমগীর হাওলাদারসহ কয়েকজন কোনো কিছু না জানিয়েই চারাগুলো নষ্ট করতে থাকেন। তিনি বাধা দিলে তাঁকে মারধর করা হয়।
হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. হারুন অর রশিদ বলেন, তাঁর এলাকার অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। তিন কৃষক তরমুজ চাষের জন্য চারা তৈরি করেছিলেন। কিন্তু কলাপাড়া ইউনিয়নের তহসিলদার তরিকুল ইসলাম ও বিএনপি নেতা আলমগীর হাওলাদার এসে সেগুলো নষ্ট করে দেন। এ সময় কৃষকদের গালমন্দ করা হয় এবং সজিব নামের এক যুবককে মারধর করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. লিমন হাওলাদার বলেন, ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে কলাপাড়া ইউনিয়নের তহসিলদার তরিকুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলেন এবং নিজের দলীয় পরিচয় দেন। কিন্তু তরিকুল ইসলাম তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান লিমন হাওলাদার।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কলাপাড়া ইউনিয়নের তহসিলদার মো. তরিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বিএনপি নেতা মো. আলমগীর হাওলাদারের বক্তব্যও পাওয়া যায়নি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। কোনো সরকারি কর্মকর্তা এতে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, বিষয়টি ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে। কৃষকের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। ঘটনাটি পরিদর্শন করে কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content