সারাদেশ

নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত

  মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ১৮ নভেম্বর ২০২৬ , ৬:২৯:৪৮ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় ১ কোটি ৮ লাখ টাকার দুটি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়ম ও শ্রমিকের মজুরি আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ও ভারশোঁ ইউনিয়নে প্রকল্প এলাকা পরিদর্শন করেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মিজানুর রহমান।

এ সময় তিনি খালের বিভিন্ন অংশের মাপজোক করেন। কথা বলেন প্রকল্পের শ্রমিক ও জমির মালিকদের সঙ্গে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য জিন্নাতুনসহ সংশ্লিষ্টরা।

এর আগে প্রকল্পে শ্রমিকের পরিবর্তে এক্সকাভেটর (ভেকু) দিয়ে খনন, অতিদরিদ্র শ্রমিকের নামে ভুয়া উপস্থিতি দেখিয়ে মজুরির টাকা উত্তোলন এবং কৃষকের ব্যক্তিমালিকানাধীন জমি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর তদন্তে নামে অধিদপ্তর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুসুম্বা ইউনিয়নের হারকিশোর মৌজায় বিল উথরাইল ব্রিজ থেকে বাদলঘাটা ব্রিজ পর্যন্ত ১ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখননে বরাদ্দ ছিল ৫৪ লাখ ১১ হাজার ৪৮০ টাকা। এর মধ্যে ব্যয় দেখানো হয়েছে ৫৪ লাখ ১ হাজার ১৫৩ টাকা। ফেরত দেওয়া হয়েছে মাত্র ১০ হাজার ৩২৭ টাকা।

অন্যদিকে ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর মৌজায় দফাদার মোড়ের প্রধান সড়ক থেকে বিল উথরাইল পর্যন্ত ২ দশমিক ১ কিলোমিটার খাল পুনঃখননে বরাদ্দ ছিল ৫৪ লাখ ৬২ হাজার ৯৭৭ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৫৪ লাখ ৪২ হাজার ৭৭৩ টাকা। ফেরত দেওয়া হয়েছে ৩০ হাজার ৫৩১ টাকা।

দুটি প্রকল্পে মোট বরাদ্দ ছিল ১ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৪৫৭ টাকা। এর মধ্যে ২৫০ জন শ্রমিকের ৪০ দিনের মজুরি বাবদ প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। প্রতিদিন প্রত্যেক শ্রমিকের মজুরি ছিল ৫০০ টাকা।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্প এলাকায় শ্রমিকদের দিয়ে কাজ না করিয়ে যন্ত্রের সাহায্যে খাল খনন করা হয়েছে। অথচ কাগজে ১০ হাজার শ্রমিকের কর্মদিবস দেখানো হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৯৩৯ দিন উপস্থিতি এবং মাত্র ৬১ দিন অনুপস্থিত দেখানো হয়। শ্রমিকের তালিকায় অতিদরিদ্রদের পরিবর্তে সচ্ছল কৃষক ও রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম থাকার অভিযোগও রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাপাহার উপজেলা বাদে নওগাঁর ১০টি উপজেলায় ১৩টি খাল পুনঃখননে বরাদ্দ ছিল ৮ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৩৯৭ টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৭ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৪১৫ টাকা। অন্যান্য উপজেলা অব্যয়িত অর্থ ফেরত দিলেও মান্দা থেকে ফেরত দেওয়া হয়েছে মাত্র ৩০ হাজার ৫০০ টাকা।

 

 

স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি নকশা অনুযায়ী খালের গভীরতা ১০ ফুট, তলদেশ ১২ ফুট ও প্রস্থ ৩০ ফুট করার কথা থাকলেও অনেক স্থানে তা অনুসরণ করা হয়নি। এতে আগামী বর্ষায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

বুধবার সরেজমিন পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান খালের মাপজোকের পাশাপাশি শ্রমিক ও জমির মালিকদের বক্তব্য শোনেন। তবে তদন্তের ফলাফল বা চূড়ান্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

স্থানীয় সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, প্রকল্পের বরাদ্দ, শ্রমিকের তালিকা, মজুরি বিতরণের তথ্য এবং খননকাজের প্রকৃত পরিমাণ যাচাই করে নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

আরও খবর

Sponsered content