প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ১২:৫২:০৫ প্রিন্ট সংস্করণ
বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর আজ মঙ্গলবার তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক ও মাঝি বাদল মোল্লা।
বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে ৫ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলার বর্তমানে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় ৩ ঘণ্টা সময় লাগতে পারে।
এর আগে গতকাল সোমবার দুপুরের দিকে বৈরি আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও ৫ জন।
জানা গেছে, নিখোঁজ ৫ জেলে হলেন নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সাগরে তখন প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড তুফান ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে ৮ জন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর একটি অন্য ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ৫ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।
৫ জেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পাথরঘাটায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহগুলো উপকূলে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





















