মোঃ নুরুজ্জামান শেখ ৩ অক্টোবর ২০২৬ , ৪:১৮:৫৫ প্রিন্ট সংস্করণ
আনন্দ ভ্রমণের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে ‘আলোকিত গাজীপুর’ মানবিক সংগঠন। সংগঠনের সদস্যদের নিয়ে তিন দিনের এ আয়োজনে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে খাবার গ্রহণ, পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও শুকনো খাবার বিতরণ এবং স্কুলশিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর রাতে গাজীপুরের টঙ্গী থেকে ভ্রমণ শুরু করেন সংগঠনের সদস্যরা। তিন দিনের সফরে কক্সবাজার সমুদ্রসৈকত, মহেশখালী, ইনানীসহ বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পাশাপাশি এসব মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচির দ্বিতীয় দিনে পূর্ব কলাতলী মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন সংগঠনের সদস্যরা। একই সময়ে পাশের একটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

পরবর্তী দিনে কক্সবাজারের ডলফিন মোড়ে পথচারীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। তীব্র গরমে পথচারীদের জন্য বিশুদ্ধ পানি ও স্যালাইনও বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, আনন্দ ভ্রমণের পাশাপাশি অসহায়, সুবিধাবঞ্চিত ও পথচারীদের পাশে দাঁড়ানোই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তিন দিনের কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা মাসুম রানা, সভাপতি মোস্তাকিম খান, সহ-সভাপতি নুরুজ্জামান শেখ, নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী শিকদার এবং সদস্য হানিফ হোসেন, পাপেল মিয়া, জনি ও শহিদ মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।















