বিশেষ প্রতিবেদন

রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-রেহানাসহ পরিবারের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ১১:৪১:২৭ প্রিন্ট সংস্করণ

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের স্বজনদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন রাজউকের তিন কর্মকর্তা—উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও পরিচালক উল্লাস চৌধুরী—সাক্ষ্য দেবেন।

এর আগে মামলার বাদী দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আদালতে সাক্ষ্য দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর খান মোহাম্মদ মঈনুল হাসান।

গত ৩১ জুলাই আদালত এ তিন মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। চার্জগঠন শুনানিতে আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এসব মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। অপর তিন মামলায় শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে আসামি করা হয়।

শেখ পরিবার ছাড়া আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যান ও সদস্যরা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে দুদক পৃথক ছয়টি মামলা দায়ের করে। এরপর সব মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। বর্তমানে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

আরও খবর

Sponsered content