সারাদেশ

মান্দায় জমি নিয়ে বিরোধে বাড়ি ভাঙচুরের অভিযোগ

  নওগাঁ প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ , ৬:২২:৫১ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জোসনা বেগম নামের এক নারীর বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ২০ নভেম্বর রাতে উপজেলার চক কুসুম্বা গ্রামের কুসুম্বা মোড়সংলগ্ন সিঅ্যান্ডবি সড়কের পাশে এ ঘটনা ঘটে। ভাঙচুরের সময় বাড়ির ভেতরে জোসনার মা রবিজান ঘুমিয়ে ছিলেন বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী জোসনা বেগমের অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি সিসি ক্যামেরা ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং টিনের বেড়া কেটে ও ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জোসনা বেগম চক কুসুম্বা গ্রামের মকবুল হোসেনের মেয়ে। তাঁর দাবি, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ১৫১৯ নম্বর দলিলমূলে চক কুসুম্বা মৌজার আরএস ২০৯ নম্বর খতিয়ানের ১০৩ নম্বর দাগে ২ একর ১৮ শতক জমির অংশ থেকে ০.১৬৫ শতক জমি কেনেন তিনি। জমিটির মূল মালিক ছিলেন মোনিনী মোহন মহন্ত; তাঁর নাতি প্রশান্ত কুমার জমিটি বিক্রি করেন। দলিলের শর্ত অনুযায়ী গ্রহীতা সিঅ্যান্ডবির সরকারি জমি ব্যবহার করতে পারবেন এবং এ বিষয়ে দাতার কোনো ওয়ারিশের আপত্তি ধর্তব্য হবে না বলে দাবি তাঁর।

ভুক্তভোগীর ভাষ্য, জমি বিক্রির আগে প্রশান্ত কুমার তা ইটভাটা মালিক আনিছুরের কাছে লিজ দিয়েছিলেন। জমি কেনার পরও ইটভাটার মালিক তাঁকে ভাড়া দিতেন। একই দিন জমির পাশে চার শতক জমি তাঁর বড় ভাই বুলবুলের কাছে প্রশান্ত কুমার ও হিরেন্দ্রনাথ বিক্রি করেন।

জোসনা জানান, জমি কেনার প্রায় এক বছর পর পেছনের আরও এক শতক জমি বিক্রির কথা বলে প্রশান্ত কুমার তাঁর ভাই বুলবুলের কাছ থেকে মৌখিক বায়না হিসেবে ৪০ হাজার টাকা নেন। পাঁচ বছরেও জমিটি রেজিস্ট্রি না করে পরে ওই দাগে কুসুম্বা বাউইপাড়া গ্রামের আলমগীর হোসাইনের কাছে সাত শতক জমি বিক্রি করেন প্রশান্ত। বায়নার ৪০ হাজার টাকা ফেরত পাওয়ার পর বুলবুল ওই জমির দখল ছেড়ে দেন বলে জানান জোসনা।

তাঁর অভিযোগ, এরপর থেকেই বিরোধ শুরু হয় এবং প্রতিপক্ষের লোকজন তাঁর দখলীয় জমির খেজুর, কলা, মেহগনি, আম, কাঁঠাল ও কদমগাছ কেটে ফেলে। সিঅ্যান্ডবি সড়কসংলগ্ন জমি ভরাটের চেষ্টার পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। পরে টিনের বেড়া দিয়ে অস্থায়ী ঘর তুললে তা ভেঙে ফেলা হয় ও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন জোসনা; তখন তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ করেন। পরবর্তীতে ইট দিয়ে স্থায়ী বাড়ি নির্মাণ করলে গত ২০ নভেম্বর রাতে আলমগীর হোসাইনের ভাড়াটিয়া লোকজন তা ভেঙে ফেলেন বলে অভিযোগ তাঁর। জমি ছেড়ে দিয়ে ভাই বুলবুলের জমির পেছনে যেতে চাপ ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসাইন বলেন, গত ৫ মে ২০২৬ তারিখে তিনি ওই ১০৩ নম্বর দাগে প্রণব কুমারের কাছ থেকে ১৪ শতক ও প্রশান্ত কুমারের কাছ থেকে সাত শতক জমি কেনেন এবং সেখানে ইটের বাউন্ডারি নির্মাণ করেন। তাঁর দাবি, জোসনা ২০২০ সালে জমি কেনার পর থেকে তিনি ও তাঁর ভাই যৌথভাবে জমিটি দখলে ছিলেন; কিন্তু হঠাৎ করেই দখলীয় জমিতে ঘর তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে থানা ও যুবদল নেতা ওবাইদুর রহমানের চেম্বারে একাধিক সালিশ-বৈঠক হলেও জোসনা কোনো সিদ্ধান্ত মানেন না বলে অভিযোগ করেন তিনি।

মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content