মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ২৭ আগস্ট ২০২৫ , ২:০৬:০৫ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের মরদেহ দুই দিন পর হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান।
পুলিশ জানায়, নিহতের নাম হিরো মণ্ডল (২৬)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুরের কালাচাঁদ মণ্ডলের ছেলে। পেশায় ছিলেন একজন জেলে।
গত ২৩ আগস্ট গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন হিরো মণ্ডল। এরপর গত সোমবার (২৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের সেতারাপাড়া এলাকায় পদ্মা নদীতে অর্ধগলিত মরদেহটি ভেসে ওঠে। স্থানীয় বিজিবি সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি তৌহিদুর রহমান জানান, ভারতীয় ওই নাগরিকের নিখোঁজের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে ভারতের বৈশবনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর বুধবার শিংনগর সীমান্ত দিয়ে মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের পুলিশ, বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।














