বিনোদন

ডাবল অ্যালবাম নিয়ে সোনার বাংলা সার্কাস

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৫:০০:২০ প্রিন্ট সংস্করণ

নতুন অ্যালবাম প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ডদল সোনার বাংলা সার্কাস। এটি একটি ডাবল অ্যালবাম। ‘মহাশ্মশান’ শিরোনামের এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামে রয়েছে ১৭টি গান। প্রথম সিডি মহাশ্মশান ১-এ থাকছে ৯টি গান এবং দ্বিতীয় সিডি মহাশ্মশান ২-তে থাকছে ৮টি গান।

গেল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যালবামটি প্রকাশিত হয়। পাশাপাশি তা স্পটিফাইসহ সকল আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে।

সোনার বাংলা সার্কসের এই নতুন অ্যালবামের গল্প নিয়ে ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন বলেন, ‘প্রথম অ্যালবামে (হায়েনা এক্সপ্রেস) আমাদের ক্যারেক্টারটা মারা গিয়েছিল “এপিটাফ” গানের ভেতর দিয়ে। মহাশ্মশান হলো তার পুনরুত্থান। এবার আমাদের ক্যারেক্টারের নাম দ্রোহ। এই অ্যালবামেও সে মারা যায়, কিন্তু সে হয়তো আবার পুনর্জন্ম নেবে পরবর্তী অ্যালবামে। দ্রোহ এবার বিদ্রোহ ঘোষণা করে মানুষের বিরুদ্ধে। তো মানুষের প্রতি এই প্রতিশোধেরই গল্প এটা। পুরো গল্পটা বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি একটানা শুনতে হবে।’

সোনার বাংলা সার্কাস’র যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এরপর প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশিত হয় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গানের জন্য তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় ব্যান্ডটি।

ইতিমধ্যে দেশ-বিদেশে ২০০’র বেশি কনসার্টে পারফর্ম করেছে ব্যান্ডটি। পাশাপাশি তারা ঢাকাসহ ৭ বিভাগীয় শহরে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শীর্ষক একক কনসার্ট নিয়ে হাজির হয়েছিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যান্ডটি জানায়, দুই মাস পর ডাবল অ্যালবাম ‘মহাশ্মশান’র একক কনসার্ট ‘মহাশ্মশান যাত্রা’ শুরু হবে। নতুন অ্যালবামের সব গানের লাইভ পারফরম্যান্স সেখানেই শুনতে পাবেন ভক্তরা।

সোনার বাংলা সার্কাসের বর্তমান লাইনআপে আছেন প্রবর রিপন (ভোকালিস্ট ও গিটারিস্ট), শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটারিস্ট), শাকিল হক (বেজ গিটারিস্ট) ও সাদ চৌধুরী (ড্রামার)।

আরও খবর

Sponsered content