বিনোদন

ঢাকা ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ , ৩:০২:২০ প্রিন্ট সংস্করণ

আশির দশকের শেষদিকে নায়করাজ রাজ্জাকের ‘ঢাকা-৮৬’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী রঞ্জিতা কনার। অভিষেকেই নায়ক হিসেবে পান বাপ্পারাজকে। এরপর ‘জ্বিনের বাদশা’, ‘কুংফু কন্যা’, ‘রাজা মিস্ত্রি’, ‘মরণ লড়াই’র হিট সিনেমা উপহার দেন। তবে বর্তমানে ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন এই নায়িকা। ফলে ঢাকা ছেড়ে বগুড়ায় গিয়ে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে এক পোস্টে মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় ও ভোগান্তি নিয়ে ক্ষোভ জানিয়েছেন রঞ্জিতা। তার মতে- গ্যাসের সংকট থাকলেও নিয়মিত গ্যাস পাওয়া যায় না। অথচ প্রতি মাসে লাইনের গ্যাসের জন্য বিল দিতে হয়। বিকল্প হিসেবে বিদ্যুতের চুলা ব্যবহার করতে চাইলেও বাড়তি খরচের চিন্তা করতে হয়।

অভিনেত্রী লিখেছেন, ‘আমরা যারা মধ্যবিত্ত তাদের মনে একটাই প্রশ্ন উঁকি দেয়, যেখানে গ্যাস আসে না তবে কেন প্রতি মাসে লাইনের গ্যাসের বিল দিতে হবে? এখানেও ছাড় নেই। আবার কষ্ট করে বিদ্যুৎ চুলা জ্বালাতে ভয় পাই। প্রিপেইড কার্ডে মাসে কত টাকা রিচার্জ করতে হয়! এখানেও শান্তি নেই। বিদ্যুতের রেটও বেড়ে গেছে। এমনিতে আয়-রোজগার বাড়েনি।’

তার এ বক্তব্যকে যেন কোনোভাবে রাজনৈতিক বিতর্কে না জড়ানো হয়, সেই অনুরোধও জানিয়ে রঞ্জিতা লিখেছেন, ‘আমি রাজনীতি বুঝি না, আমি রিজিক- যা সহজ ভাষায় পেটনীতি বুঝি। আমার মনের কষ্টের কথা বললাম, আবার এটা কোনো রাজনৈতিক প্রসঙ্গে টানবেন না। আমরা দেশের নাগরিক। আমরা এত বছর ভয়ে কিছু পোস্ট করতাম না। কিন্তু ভয় পেলে কি কেউ এসে আমার সমস্যাগুলো সমাধান করবে? না, আমারটা আমাকেই করতে হচ্ছে; বাবা-মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে।’

এরপরই ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন রঞ্জিতা। লিখেছেন, ‘বিদ্যুতের রেট কমিয়ে দিলে আমাদের জন্য ভালো হতো। এমনিতে কত মাস থেকে গ্যাস আসে না, আবার আসছে শীত, তখনতো আরও গ্যাস আসবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি, গ্রামের বাড়িতে চলে যাব। ছেলের বাবা যেহেতু ছেলের খোঁজ-খবর নেয় না, এমনকি ঈদেও বাবা-ছেলের মধ্যে ফোনে শুভেচ্ছা বিনিময় হয় না। এ কারণে মা-ছেলে বগুড়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বলা দরকার, অভিনয়ের পাশাপাশি এক ডজনেরও বেশি সিনেমা প্রযোজনা করেছেন রঞ্জিতা। ১৯৯২ সালে অভিনেতা ও প্রযোজক জাহাঙ্গীরকে বিয়ে করেন তিনি। ক্যারিয়ারের সোনালি সময়ে বিয়ে করার ছয় বছরের মাথায় বিচ্ছেদ হয় এই জুটির। তবে তাদের সেই সংসারে এক ছেলে রয়েছে। আর সেই ছেলেকে নিয়েই ঢাকার ব্যস্ত জীবন ছেড়ে গ্রামে গিয়ে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন এ অভিনেত্রী।

আরও খবর

Sponsered content