বিনোদন

ছোট পর্দা ও ওটিটির আলোচিত মুখেরা : জনপ্রিয়তার শীর্ষে যাঁরা

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ১২:০০:৪০ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের নাটক ও ওটিটি অঙ্গনে একের পর এক নারী অভিনয়শিল্পী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন। সাবলীল অভিনয়, চরিত্রের বৈচিত্র্য আর সময়োপযোগী কাজের মাধ্যমে তাঁরা হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। এমনই কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর সংক্ষিপ্ত ঝলক—

সারিকা

ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ ঝুমু চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন সারিকা। অল্প সময়েই তার অভিনয় নজর কাড়ে। ‘আকাশের নিচে মানুষ’, ‘রুমালী’, ‘ক্যামেলিয়া’, ‘এপার ওপার’, ‘ছায়া’, ‘শেষ ভালোবাসা’, ‘অদৃশ্য রমণী’, ‘চেনা চেনা লাগে’ ও ‘পাদুকা’—এই নাটকগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়। ২০২৩ সালের মাঝামাঝি কিছুটা অনিয়মিত হলেও প্রায় দুই বছর বিরতির পর ওয়েব সিরিজ ‘গুলমোহর’ দিয়ে আবার অভিনয়ে ফেরেন তিনি।

তানজিম সাইয়ারা তটিনী

বর্তমানে সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের একজন তানজিম সাইয়ারা তটিনী। প্রেম-ভালোবাসার গল্পের পাশাপাশি সিরিয়াস চরিত্রেও সাবলীল তার অভিনয়। ইয়াশ রোহানের সঙ্গে জুটি হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। সম্প্রতি ‘তোমার জন্য মন’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন।

কেয়া পায়েল

ভালোবাসা দিবস ও ঈদের নাটকে নিয়মিত মুখ কেয়া পায়েল। সম্প্রতি গায়ক ইমরানের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে। অপূর্ব, জোভান, তৌসিফসহ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন তিনি। নেপালে নাটকের শুটিং করে আলোচনায় আসেন কেয়া পায়েল। তার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে—‘একটাই আমার তুমি’, ‘সেদিন বৃষ্টি হবে’, ‘হৃদ মাঝারে’, ‘সরি বিন্দু’, ‘মেঘ কেটে যাওয়া রোদ’।

সাদিয়া আয়মান

নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় সাদিয়া আয়মান। চলতি বছর ‘উৎসব’ সিনেমায় জেসমিন চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যা তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৯ সালে ‘টু বি ওয়াইফ’ নাটক দিয়ে যাত্রা শুরু করেন। ‘কাজল রেখা’ ও ‘মায়াশালিক’-এ অভিনয়ের জন্য পেয়েছেন সমালোচকদের প্রশংসা ও পুরস্কার। সামাজিক মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়।

নাজনীন নীহা

অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন নাজনীন নীহা। শিহাব শাহীন পরিচালিত ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। ‘অবুঝ প্রেম’, ‘লাভ রেইন’ এবং অপূর্বর বিপরীতে ‘মন দুয়ারি’ নাটক তাকে ব্যাপক দর্শকপ্রিয়তা এনে দেয়।

তানিয়া বৃষ্টি

রুপালি পর্দায় খুব বেশি সাফল্য না পেলেও ছোট পর্দায় নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তানিয়া বৃষ্টি। মোশাররফ করিমের বিপরীতে প্রায় ৬০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। গ্রামীণ ও শহুরে—সব ধরনের চরিত্রে মানিয়ে নেওয়ার দক্ষতা তার বড় শক্তি।

সামিরা খান মাহী

বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত সামিরা খান মাহী। ইমরাউল রাফাত পরিচালিত ‘বকুল ফুল’ নাটকে পাগলির চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। পাশাপাশি ‘বিয়ে করতে গিয়ে’, ‘সকাল বিকাল রাত্রি’, ‘গার্লস স্কোয়াড’সহ একাধিক ওয়েব সিরিজে তার উপস্থিতি নজরকাড়া।

আইশা খান

সৌন্দর্য ও অভিনয় দক্ষতায় দ্রুতই নির্মাতাদের আস্থা অর্জন করেন আইশা খান। ‘কাঠ কয়লার ছবি’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। ‘দাগ’, ‘ক্যাফে ডিজায়ার’ এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘ধূসর প্রজাপতি’ নাটকে লতা চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।