সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে একটি পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনার সময় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই অনেক মোটরসাইকেল চালক তাদের যানবাহন ফেলে রেখে পালিয়ে যান, আবার কেউ দ্রুত মোটরসাইকেল নিয়ে এলাকা ত্যাগ করেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সকাল থেকেই পাম্পে পেট্রোল (অকটেন) নিতে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। অতিরিক্ত ভিড়ে পাম্প কর্তৃপক্ষ হিমশিম খেয়ে পড়েন এবং এক পর্যায়ে তেল সরবরাহ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।
এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি উপস্থিত মোটরসাইকেল চালকদের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাইয়ের নির্দেশ দেন।
এতে হঠাৎ করেই পাম্পে থাকা অনেক চালক তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। বাইরে অবস্থানরত অনেকেই দ্রুত এলাকা ত্যাগ করেন। মাইকিং করে ফিরে আসার আহ্বান জানানো হলেও কেউ সাড়া দেননি।
অভিযানকালে বুধহাটা এলাকার শিমুল হোসেন, রানা হোসেন ও সাকিব নামে তিনজনকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না।