সারাদেশ

উলিপুরে ঘুষের বিনিময়ে বিদ্যুৎ মিটার সংযোগের অভিযোগ, তিন লাইনম্যান আটক

  মোহাইমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার ১৫ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৬:১০ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় ঘুষের বিনিময়ে দুইটি বিদ্যুৎ মিটার সংযোগ দিতে এসে চিলমারী জোনাল অফিসের তিনজন লাইনম্যানকে আটক করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আগে থেকেই পোল টু পোল বিদ্যুৎ সংযোগ বিদ্যমান ছিল। ওই সংযোগের বিপরীতে দুইটি মিটার স্থাপনের উদ্দেশ্যে গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে চিলমারী জোনাল অফিসের কর্মচারীরা ঘটনাস্থলে আসেন। অভিযোগ রয়েছে, এ কাজে প্রায় অর্ধ লক্ষ টাকা লেনদেনের সমঝোতা হয়েছিল।

প্রথমে মোট সাতজন লাইনম্যান ঘটনাস্থলে এলেও পরিস্থিতি আঁচ করতে পেরে চারজন পালিয়ে যান। পরে স্থানীয়রা তিনজন লাইনম্যানকে আটক করেন। স্থানীয়দের দাবি, দুইটি মিটার সংযোগ দেওয়ার জন্য প্রায় ৫০ হাজার টাকার চুক্তি হয়।

তবে সংশ্লিষ্ট গ্রাহকের বক্তব্য ভিন্ন। সংযোগপ্রত্যাশী মন্টু জানান, জোনাল অফিসে আগেই আলোচনা করে ৩০ হাজার টাকার বিনিময়ে দুইটি মিটার সংযোগ দেওয়ার কথা হয়। পাশাপাশি কাজ শেষে কর্মচারীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রাখার কথা ছিল বলে জানান তিনি।

স্থানীয়রা আরও জানান, ওই রাতে মিটার সংযোগকে কেন্দ্র করে খাবার রান্নার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয় এবং কয়েকজন লাইনম্যান খেতে বসেনও। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অর্ধেক খাওয়া অবস্থায় তারা সেখান থেকে পালিয়ে যান। মাজেদুল ইসলামের বাড়িতে এই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে, যা তার স্ত্রী নিশ্চিত করেছেন।

এ সময় চিলমারী জোনাল অফিসের কর্মচারী শাকিল, রিপনসহ আরও একজনকে একটি মোটরসাইকেলসহ স্থানীয়রা আটক করেন। পরে তারা স্বীকার করেন যে তারা খাওয়া-দাওয়ার উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন। জনতার চাপের মুখে তারা মিটার সংযোগ না দিয়ে পোল টু পোল সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে চিলমারী জোনাল অফিসের এজিএম আলামিন মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে তিনি ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে বলেন, শামীম নামের এক গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতেই কর্মচারীরা সেখানে গিয়েছিলেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘুষের বিনিময়ে বিদ্যুৎ মিটার সংযোগ দেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

আরও খবর

Sponsered content