হৃদয় রায়হান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৫:৫৩:০৭ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন তাদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাতিল করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় স্বাক্ষর না থাকা এবং এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটির কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বাছাইয়ের কাজ সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয়। কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। কুষ্টিয়া-৩ আসনের সকল প্রার্থী বৈধ ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—
কুষ্টিয়া-১: স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী গিয়াস উদ্দিন।
কুষ্টিয়া-২: স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক।
কুষ্টিয়া-৪: স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আনসার, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বি.এস.পি) খাইরুল ইসলাম।
কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা ত্রুটির কারণে আপিল করতে পারবেন।”





















