অর্থ-বাণিজ্য

আমদানি বন্ধ কোম্পানির জন্য বিশেষ দরে এলপিজি!

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ৬:১১:১৪ প্রিন্ট সংস্করণ

আগে এলপি গ্যাস আমদানি করত এখন বন্ধ, সেইসব কোম্পানির জন্য বিশেষ দর ঘোষণা করতে চায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাজার স্বাভাবিক করতে চলতি সপ্তাহেই এই আদেশ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

বিইআরসি সূত্র জানিয়েছে, গণশুনানি পরবর্তী গত ২ নভেম্বর, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন বাড়িয়ে আদেশ দেওয়া হয়েছে। তখন বিস্তারিত আদেশ দেওয়া হয়নি, শিগগিরই গণশুনানির বিস্তারিত আদেশ প্রদানের প্রস্তুতি চলছে। তাতে বিষয়টি যুক্ত করা হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

গণশুনানিতে ওরিয়ন, বেক্সিমকো, ইউনিগ্যাসসহ কয়েকটি কোম্পানির পক্ষ থেকে কথা বলেন ওরিয়ন এলপিজির সিওও অনিক কুমার সেন।

তিনি বলেন, আমরা এলসি খুলতে পারছি না। নানা কারণে বেশ কয়েকটি কোম্পানির এলপিজি আমদানি বন্ধ। বাজারে আমাদের দেড় কোটির মতো সিলিন্ডার রয়েছে। যেসব কোম্পানি আমদানি করছে তাদের মাধ্যমে আমাদের গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয় তাহলে বাজারে আর সংকট থাকবে না। এখানে আমদানিকারকরা একটি কমিশন নিতে পারে।

৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পরে এলপিজি আমদানির চালকের আসন থেকে সরে যায় বেক্সিমো, ওরিয়ন, বসুন্ধরা, জেএমআইসহ কয়েকটি কোম্পানি। নানা কারণে তারা এলসি খুলতে পারছেন না বলে অভিযোগ করে আসছেন। আমদানি বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর বাজারে থাকা সিলিন্ডার সংকটকে প্রকট করছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

তাদের দেড় কোটি সিলিন্ডার অন্য কোম্পানি নিতে চাইছে না। এতে করে অনেক ভোক্তা নতুন সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। ওই কোম্পানিগুলো এখন দেশের বাজার থেকে বেশি দামে কিনে কোনো রকমে মার্কেটে থাকার চেষ্টা করছে। অভিযোগ রয়েছে আমদানি বন্ধ থাকা অনেকেই বেশি দামে বিক্রি করছেন।

আমদানিকারক কর্তৃক পরিবেশকের ঘরে পৌঁছে দেওয়ার শর্তে নভেম্বর মাসে ১২ কেজি দাম ১৯০৫ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। পরিবহন ভাড়ার বাইরে আরও খানিকটা কমিশন কমিয়ে দর নির্ধারণের আভাস পাওয়া গেছে।

এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বার্তা২৪.কমকে বলেছেন, এখনই কিছু বলতে চাচ্ছি না। গণশুনানিতে আমদানি করতে না পারা কোম্পানিগুলোর পক্ষ থেকে দাবি তোলা হয়। বিস্তারিত আদেশে কিছু করা যায় কি-না চিন্তা ভাবনা চলছে।

গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অস্থির হয়ে পড়েছে এলপিজির বাজারদর। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক বাজারদর ঊর্ধ্বমুখী হলে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন, এতে কৃত্রিম সংকট তৈরি হয়। এ কারণে ১৫৮৫ টাকার (সেপ্টেম্বর) এলপিজি কোথাও কোথাও ২২০০ থেকে ২৫০০ টাকায় বেচাকেনা হতে থাকে। বেসামাল পরিস্থিতির মধ্যেই অক্টোবর মাসে ১২ কেজিতে ২৫২ টাকা এবং নভেম্বর মাসে ২২৩ টাকা করে বাড়িয়ে খুচরা মূল্য ২০৬০ টাকা করা হয়।

পাশাপাশি নভেম্বর মাসে আমদানিকারকদের ১২ কেজির কমিশন ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা, ডিলারের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। তারপরও খোদ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বেশিদামে এলপি গ্যাস বিক্রির খবর পাওয়া যাচ্ছে।

ডিলাররা অভিযোগ করেছে, জেএমআইসহ আমদানি করছে না এমন অনেকে বাড়তি দাম নিচ্ছে। আমরা (ডিলার) ১২ কেজি এলপিজি ১৯০৫ টাকায় পাওয়ার কথা, কিন্তু ক্ষেত্রবিশেষে ২১০০ থেকে ২২০০ টাকা গুনতে হচ্ছে।

বাজারে অরাজকতা ঠেকাতে কৌশলী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে ফ্রেশ এলপি গ্যাস। প্রাথমিকভাবে রাজধানীর ৩৯টি পয়েন্টে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করবে কোম্পানিটি। উদ্যোগ সফল হলে ধাপে ধাপে সারাদেশে এই প্রচেষ্টা ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।

বিইআরসি ৫৬ কোম্পানিকে এলপিজির লাইসেন্স দিয়েছে, এরমধ্যে ২৮টি কোম্পানি অপারেশনে ছিল। ২০২৪ সালের পটপরিবর্তনের পর বড় বড় বেশ কয়েকটি কোম্পানির আমদানি বন্ধ। এখন হাতে গোনা কয়েকটি কোম্পানি আমদানি ও নিয়ন্ত্রণ করছে এলপিজির বাজার।

আরও খবর

Sponsered content