খেলাধুলা

২০২০ সালেই ওয়ার্নারকে কথা দিয়েছিলেন খাজা

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ৬:১০:১৫ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের কেলেঙ্কারির নেপথ্যের ঘটনা প্রকাশ করার কথা ডেভিড ওয়ার্নারকে ২০২০ সালেই জানিয়েছিলেন উসমান খাজা। সেই প্রতিশ্রুতির প্রায় ৬ বছর পর নিজের বইয়ে বিষয়টি তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার প্রকাশিত এক পডকাস্টে এসব জানিয়েছেন খাজা নিজেই। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের শুক্রবারের সংবাদ সম্মেলনের আগেই পডকাস্টটি রেকর্ড করা হয়েছিল। তবে কামিন্স বলছেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনার বিষয়ে সবাই জানত- এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’।

এদিকে ওয়ার্নারকে প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি জানিয়ে খাজা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ওয়ার্নারকে কথা দিয়েছিলাম। আট বছর ধরে ওকে এই বিষয়টি বহন করতে হয়েছে। ২০২০ সালে আমি তাকে একটি বার্তা পাঠিয়েছিলাম। এরপর ২০২৬ সাল পর্যন্ত আমরা বিষয়টি নিয়ে খুব একটা কথা বলিনি। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেটি রেখেছি। দুই মাস আগে তাকে বার্তা দিয়ে বইয়ের বিষয়বস্তু জানাই। সে জানতই না যে আমি এসব লিখছি। বিষয়টি জেনে সে খুব অবাক হয়েছিল।’

বইয়ে খাজা দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টে কিভাবে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে আগে অপ্রকাশিত কিছু তথ্য তুলে ধরেছেন। ওই ঘটনায় ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তদন্তে বলা হয়েছিল, পরিকল্পনা সম্পর্কে এই তিনজনই জানতেন। তবে ওয়ার্নার সম্প্রতি সেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, তদন্তে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল।

খাজার বক্তব্যকে সমর্থন করেছেন সাবেক পেসার চ্যাড সেয়ার্সও। তার দাবি, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। সেয়ার্সের ভাষ্য, পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ২৮ রানে ৪ উইকেট হারানোর সময় তিনি মাঠ থেকে স্যান্ডপেপার সরিয়ে নিয়েছিলেন। ওই সময় রিভার্স সুইংয়ে দারুণ বোলিং করছিল অস্ট্রেলিয়া।

বিষয়টি প্রকাশের পর প্রতিক্রিয়া নিয়ে খাজা জানান, তিনজন খেলোয়াড়ের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল। তাদের পক্ষে দাঁড়াতেই বিষয়গুলো সামনে এনেছেন। তবে এখনও দলে খেলা অন্যদের ওপর এর প্রভাব পড়তে পারে, সেটিও তিনি জানেন। খাজা বলেন, ‘সবকিছুরই একটা মূল্য দিতে হয়। গত তিন দিনে আমার পরিবারের ওপরও এর প্রভাব পড়েছে। তবে আমি নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখাচ্ছি না। কী হতে পারে, তা জেনেই আমি এ পথে এসেছি। শুধু বুঝতে পারিনি, বিষয়টি এতটা ব্যক্তিগত হয়ে উঠবে।’

আরও খবর

Sponsered content