নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ১০ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৭:৪৩ প্রিন্ট সংস্করণ
সিলেটের কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে মোট ৩৬৬ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের মাঝের গাঁও এবং ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে এ অভিযান পরিচালিত হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, “কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশের অভিযানে: মঙ্গলবার গভীর রাতে উত্তর রণিখাই ইউনিয়নের মাঝের গাঁও এলাকায় এসআই আব্দুল্লাহ আল মামুন ও কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে দু’জন আসামিকে শনাক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের অভিযানে: একই রাতে (প্রায় রাত ১টা) সিলেট–ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সজল বিশ্বাস (৩৫)–কে গ্রেপ্তার করে র্যাব–৯। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার সমিরন বিশ্বাসের ছেলে। এসময় হেলাল আহমদ নামে আরেকজন পালিয়ে যায়। র্যাব–৯–এর হাবিলদার আসাদুজ্জামান আফ্রাদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও র্যাব জানায়, মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।





















