প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ , ৬:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ
‘বাসার নিচে দ্বীপ এসেছে, ওর সঙ্গে কথা বলে আসি’—মাকে এ কথা বলে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। এরপর আর বাসায় ফেরেননি তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে সাংবাদিকদের এসব কথা জানান তাহসিফের বাবা এনায়েতুল করিম।
তিনি বলেন, দ্বীপ নামে এক বন্ধু এসে তাহসিফকে ডেকে নিয়ে যায়। তখন মাকে বলে, নিচে গিয়ে বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসবে। কিন্তু এরপর আর সে ফিরে আসেনি। সর্বশেষ রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ দ্রুত একটি ভয়েস মেসেজ পাঠিয়ে জানিয়েছিল, সে ফিরে আসছে।
তাহসিফের বাবা বলেন, ‘এটা আত্মহত্যা নয়। আমার সন্দেহ, তাকে হত্যা করা হয়েছে।’ তার দাবি, ঘটনার দিন তাহসিফ সারাদিন মায়ের সঙ্গে ছিল। তারা কেনাকাটাও করেছে। তখন তাহসিফকে বেশ হাসিখুশি মনে হয়েছিল।
তিনি বলেন, ‘সরকার তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তাহসিফ দেশের সম্পদ ছিল। একজন পাইলট দেশের সম্পদ। সরকার তদন্ত করলে প্রকৃত সত্য এবং কারা, কোন চক্র কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা বেরিয়ে আসবে।’
প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়। তার পকেটে থাকা আইফোনের মাধ্যমে পুলিশ পরিচয় নিশ্চিত করে।





















