খেলাধুলা

তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ, মুমিনুল-হৃদয়ও বোলিং করবেন!

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ , ৭:৩২:২৫ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল। পেস বান্ধব উইকেটে তিন পেসার নিয়ে এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে প্রোটিয়ারা। এবার বাংলাদেশও একই পথে হাঁটছে।

টেস্ট শুরুর আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন একাদশ নিয়ে আভাস দিলেন তিনি। জানান পেসবান্ধব উইকেটে ৩ পেসারসহ ১ স্পেশালিস্ট স্পিনার খেলানোর কথা।

বোলিং কম্বিনেশন নিয়ে শান্ত বলেন, ‘৩ পেসার তো অবশ্যই থাকবে, এতটুকু বলতে পারি। সাথে একজন স্পিনারও তো থাকা উচিত। স্পিনাররাও ভালো অবদান রাখছে। অস্ট্রেলিয়ায় যেভাবে বল করেছে, বিশেষ করে মিরাজ। আমার মনে হয় এই কম্বিনেশনে আমরা যেতে পারি। তারপরও আরও একদিন যেহেতু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেট দেখে সিদ্ধান্ত নিব।’

এক স্পিনার খেলানোর পরিকল্পনা থাকায় ব্যাক-আপ হিসেবে মুমিনুল-হৃদয়কেও নেটে বোলিং করতে দেখা গেছে। শান্ত বলেন, ‘মুমিনুল ভাইকে এই বার্তা আগেই দেওয়া হয়েছে, উনি যেন নেটে বল করে। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছি, এই দুই ভেন্যু তার চেয়ে ভিন্ন। তাই একটু ভিন্ন বোলিং অ্যাটাক নিয়ে আমরা যাব। পাশাপাশি হৃদয়ের বোলিং ইম্পরট্যান্ট। টেস্ট বা ওয়ানডে বলুন, আমাদের দলে খুব বেশি বোলিং হয় না। টিম হিসেবেই শুরু করেছি, ব্যাটাররা যেন নেটে বোলিং করি। এটাই প্ল্যান। যদি ম্যাচে কাজে লাগে, কেন না?’

পরে ব্যাটিং ইউনিটে তানজিদ তামিমের ভূমিকা নিয়ে শান্ত জানান, ‘কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলব না। এ ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করা জরুরি। বিশেষ করে যারা উইকেটে সেট হবে তাদের বড় ইনিংস খেলতে হবে। সেটা তামিম হোক বা অন্য কেউ। প্রথম ইনিংসে বড় রান জড়ো করলে যে বোলিং আক্রমণ আছে, লড়াই করা যাবে।’

আরও খবর

Sponsered content