সারাদেশ

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও হত্যাকারীদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

  ঝিনাইদহ প্রতিনিধি: তাপস কুণ্ডু ১০ জানুয়ারি ২০২৬ , ১২:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ

দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন চন্দ্র দাস হত্যার বিচার এবং দেশে সকল প্রকার সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে জেলা সনাতনী ঐক্যমোর্চার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন, বিপ্লব কুমার দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদার এবং জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কানন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content